
স্টাফ রিপোর্টার
আজমেরি বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানসুরুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত অভিযোগের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন অভিযোগকারীর স্বামী মাইনুদ্দিন।
এর আগে প্রধান শিক্ষক মানসুরুল হক তাঁকে জড়িয়ে ফেসবুকে প্রকাশিত পোস্টকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে প্রতিবাদ জানান। প্রতিবাদলিপিতে তিনি অভিযোগগুলোর সত্যতা যাচাই না করে পোস্ট প্রকাশের সমালোচনা করেন এবং তা প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
প্রধান শিক্ষক মানসুরুল হকের দাবি ছিল, বিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষার্থী ও সম্পদের সুরক্ষা এবং বিদ্যালয়ের পরিবেশ রক্ষার স্বার্থেই কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এসব বিষয়কে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর অভিযোগ তোলা হয়েছে।
তিনি আরও বলেছিলেন, অভিযোগ প্রকাশের আগে তাঁর বক্তব্য নেওয়া হয়নি কিংবা তথ্যের সত্যতা যাচাই করা হয়নি। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী উল্লেখ করে তিনি নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।
প্রতিবাদলিপিতে মানসুরুল হক তাঁর সম্মানহানির অভিযোগ তুলে পোস্ট প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।